রাউজান প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্টোরি স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জামিল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবক রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কদলপুর এলাকার মোশাররফ আলীর বাড়ির আব্দুল কুদ্দুসের পুত্র। তিনি স্থানীয় একটি মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্র।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের স্টোরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয় জামিল হোসেন নামের যুবক। স্ট্যাটাস পোস্টকারী শনাক্তের পর মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (২১ অক্টোবর) তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ।








