রাউজান প্রতিনিধি: রাউজানে আলোচনা সভা, দোয়া-মাহফিল, শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট (রবিবার) সকালে রাউজান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পার্ঘ্য অর্পণ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহাকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম প্রমুখ।
পরে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ প্রমুখ।
সভ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও রাউজান প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠনসহ প্রতিটি ইউনিয়নে, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া-মাহফিল, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতাসহ নানান কর্মসূচীর আয়োজন করা হয়।








