নিউজটি শেয়ার করুন

রাউজানে নির্মিত হচ্ছে বহুতল বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্প, প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রাউজান প্রতিনিধি: রাউজান পৌরসভায় নির্মিত হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বহুতল বিশিষ্ট ভবন।

২ ডিসেম্বর (বুধবার) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডে পশ্চিম রাউজানের চারা বটতল এলাকায় আশ্রয়ন প্রকল্পের আওতায় বহুতল ভবন নির্মানের জন্য প্রস্তাবিত ৪৪ শতাংশ জায়গা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

এই সময় তিনি বলেন, রাউজানে পৌরসভায় ফোর লেন সড়কের পাশে বহুতল বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।যারা ভূমিহীন, গৃহহীন তাদের জন্য প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে একটি লোকও গৃহহীন থাকবে না। সেই লক্ষ্যে এই মুজিব বর্ষে গৃহহীন, ভূমিহীনদের আশ্রয় দিতে পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এমন একটি জায়গা নির্ধারণ করেছি, যেখান হতে আশ্রয়রত মানুষগুলো সহজে তাদের কর্মক্ষেত্রে যেতে পারবেন। অতিশীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি জানান।

এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কৃষি কর্মকর্তা শাব্বির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপূর্বে গত ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১ টায় প্রস্তাবিত এই স্থানটি পরির্দশন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহমেদ।