Site icon CPLUSBD.COM

রাউজানে শারীরিক দূরত্বে খাদ্য সামগ্রী বিতরণ

রাউজান প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবিলায় সারা দেশের ন্যায় রাউজান উপজেলাও অবরুদ্ধ। এই অবরুদ্ধ রাউজানে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অর্থায়নে ও তার পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে ত্রিশ হাজার পরিবারের খাদ্য ব্যাংক।

গত এক সপ্তাহ ধরে উপজেলার পৌর কাউন্সিলরগণ ও ইউপি চেয়ারম্যানগণ স্ব-স্ব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অথবা নির্দিষ্ট স্থানে শারীরিক দূরত্ব বজায় রেখে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কাছে সাংসদের পক্ষে উপহার স্বরূপ এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

গত ৮ এপ্রিল (বুধবার) বিকালে পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সার্বিক তত্ত্বাবধানে রাউজান সরকারি কলেজ মাঠে শারীরিক দুরত্ব বজায় রেখে চারশত মোটর শ্রমিকের মাঝে সাংসদ ফজলে করিম চৌধুরর খাদ্য সামগ্রী  তুলে দেওয়া হয়।

এর পূর্বে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও যুবলীগ-ছাত্রলীগের স্বেচ্ছাসেবক কর্মীর সহায়তায় সারিবদ্ধ ভাবে তিন ফুট দূরত্ব রেখে সাজানো হয় এসব খাদ্য সামগ্রীর উপহার। পরে তালিকাভুক্ত উপহার গ্রহণকারীরা শৃঙ্খলার সাথে সারিবদ্ধ ভাবে ত্রাণ সামগ্রী তুলে নিয়ে স্থান ত্যাগ করেন।

দুইদিন আগেও উপজেলার রাবার বাগান মিনি স্টেডিয়ামে একই পদ্ধতিতে পৌরসভার নয় নং ওয়ার্ডের ১২শত নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।

শারীরিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য উপহার বিতরণ সরাসরি পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, পিআইও নিয়াজ মোর্শেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহসহ সেনা বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও  উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো, নেওয়াজিসপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, পৌর কাউন্সিলর জানে আলম জনি স্ব-স্ব এলাকায় ও ইউপি কার্যালয়ে সার্বক্ষণিক অবস্থান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাংসদের পক্ষে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন।

এই বিষয়ে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবিলার কারণে আবদ্ধ রাউজানে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য প্রাথমিকভাবে ত্রিশ হাজার খাদ্য ব্যাংক গড়ে তুলেছি। এবং তা সুষমভাবে বণ্টন করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের ইউএনও, পৌর কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যনগণ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। আমি চাই আমার রাউজানে কেউ যেন অভুক্ত না থাকে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনেেয়দ কবির সোহাগ বলেন, রাউজান সরকারি কলেজ মাঠে ও রাবার বাগান মিনি স্টেডিয়ামে তিন ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করে খাদ্যসামগ্রী বিতরণ খুবই প্রশংসনীয় ও ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ। এছাড়াও এমপি স্যারের পক্ষে উপজেলার প্রতিটি এলাকায় সুষমভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন, এমপি স্যারের উদ্যোগে ত্রিশ হাজার পরিবারের খাদ্য ব্যাংকের পাশাপশি সরকারীভাবে ৪৫ টন চাল, ডাল, আলুর জন্য নগদ টাকা ও শিশু খাদ্য বরাদ্দ পাওয়া গেছে। এসবও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হবে।