নিউজটি শেয়ার করুন

রাউজানে সওজ’র জায়গায় নির্মাণাধিন বাণিজ্যিক ভবন উচ্ছেদ

রাউজানে সড়ক ও জনপদ (সওজ)’র ২৫ শতক জায়গা দখলে নিয়ে স্থানীয় নির্মাণাধিন বানিজ্যিক ভবন উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।

গতকাল ১৬ ফেব্রুয়ারী, রোববার দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন উপজেলার নোয়াপাড়া পথেরহাটে এই উচ্ছ্বেদ অভিযান পরিচালনা করেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) মনোয়ারা বেগম।

নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বাবুল মিয়া চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন নোয়াপাড়া পথের হাটের পাইওনিয়র হাসপাতালের সামনে গত আড়াই-তিন বছর পূর্বে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলে নিয়ে মাটি ভরাট করে। পরে বাণিজ্যিক ভবন নিমাণ কাজ শুরু করে।

এই বিষয়ে অবৈধ দখলদার নেতা বাবুল মিয়া বলেন, এখানে খাস জায়গাও রয়েছে, আমার জায়গাও রয়েছে। আমার জায়গার সামনে ৭০ ফুট জায়গা খালি আছে। পথের হাটের সড়ক ও জনপদের জায়গা দখল ভারতেশ্বরী প্লাজা, মিডিয়া সেন্টারসহ অনেক ভবন নির্মিত হয়েছ। পাহাড়তলী হতে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত সড়ক ও জনপদের জায়গা দখল করে মার্কেট ও ভবন নির্মিত হয়েছে।

এই প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, সড়ক ও জনপদের জায়গার উপর অবৈধ ভাবে নির্মাণাধিন মার্কেটটির বিপক্ষে মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তাই মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করি।
তিনি আরও বলেন, অবৈধ দখলদারের বিষয়ে কোন ধরনের ছাড় নেই। অবৈধ দখলের বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি, পরিমাপ চলছে। পর্যায়ক্রমে উচ্ছ্বেদ করা হবে।

প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের ২৫ শতক জায়গা (জেএল নম্বর ৪৮, বিএস দাগ নম্বর ৬৪২৯) দখলে নিয়ে বাবুল মিয়া বাণিজ্যিক ভবনের ভিত্তিপ্রস্তর দিয়ে ২৪টি পিলারের ঢালাইয়ের কাজ শেষ করে। দোকান বিক্রির চুক্তিতে অনেক গ্রাহকের কাছ থেকে মার্কেটের মালিকপক্ষ টাকা নিয়েছেন বলে জানা গেছে।