Site icon CPLUSBD.COM

রাউজানে সরকারি লোগো ব্যবহার করে অনুমোদনহীন খাদ্য বিক্রি, ৫০ হাজার টাকা দন্ড

রাউজানে ডায়াবেটিস রোগীদের নানাভাবে প্রলুব্ধ করে অনুমোদনহীন খাদ্য বিক্রির দায়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদলত। সেই রাউজান উপজেলাসহ চট্টগ্রাম জেলার কোথাও প্রতারণামূলকভাবে এই ধরণের খাদ্য বিক্রি না করার মূচলেকা নেওয়া হয়। ১৫ অক্টোবর রাত ৮ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের এই দলে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীল।
স্থানীয় ইউপি সদস্য কাউচার আলম ও প্রত্যক্ষদর্শী ডায়াবেটিস রোগীদের সাথে কথা বলে জানা যায়, মাগুরা জেলার ড্রীম মাশরুম সেন্টার নামক একটি প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে জনৈক বাবুল আক্তার ও উপজেলা মার্কেটিং অফিসার পরিচয়ে নাজমুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের গাউসিয়া মোহাম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসায় স্থানীয় এক পল্লী চিকিৎসকের মাধ্যমে ২৫-৩০ জনে স্থানীয় ডায়াবেটিস রোগীদের নিয়ে একটি কর্মশালা করেন। সেখানে তারা ডায়াবেটিস রোগীদের নানাভাবে প্রলুব্ধ করে সরকারি প্রকল্পের কথা বলে অনুমোদনহীন ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে ৫০ টাকার বিনিময়ে প্রস্রাবে গ্লুকোজ, প্রোটিন, পি.এইচ ও রক্ত(আর.বি.এস) করেন। পরীক্ষা শেষে তার উপস্থিত সকলের কাছে ডায়াবেটিস রোগ সম্পূর্ণভাবে নির্মূল হবে উল্লেখ করে কৃষি মন্ত্রণালয় ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের লোগো সম্বলিত ‘ ডায়াবেটিস ফুড’ নামক অনুমোদনহীন একটি মোড়কজাত পণ্য বিক্রি করেন। কাগজের মোড়ক খোলার পর ভেতরে থাকা অ্যালমুনিয়াম পয়েলের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিএসটিআই অথবা ঔষধ প্রশাসনের কোন লোগো উল্লেখ না থাকায় অনেক ডায়াবেটিস রোগীদের সন্দেহ হয়। পরে তাদের চ্যলেঞ্জ করা হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার অনুমোদন নিয়ে এসব পন্য বিক্রি করছেন বলে জানান। এই সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় দুই ইউপি সদস্য কাউচার আলম, সরোয়ার আলম, ফার্মাসিস্ট মহিউদ্দিন চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কথার কোন সত্যতা না পেয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে অর্থদন্ড প্রদান করে মুচলেকা গ্রহণ করেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ সিপ্লাস টিভিকে বলেন, পাঁচ জনের একটি চক্র রাউজান উপজেলার উরকিরচরের সাধারণ মানুষের কাছে ডায়াবেটিস নির্মূলের কথা বলে সরকারি লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অনুমোদনহীন ডায়াবেটিস ফুড নামক একটি পন্য বিক্রি করছিল। তাদেরকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে রাউজান উপজেলাসহ সমগ্র চট্টগ্রাম জেলায় যাতে এই পদ্ধতি পন্য বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়।