রাউজানে সড়ক উন্নয়নের জন্য অপরিকল্পিতভাবে খোঁড়া খাদে পড়ে সজীব মুৎসুদ্দি (১৯) নামের মোটর বাইক আরোহী এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত তরুণ উপজেলার পাহাড়তলি ইউনিয়নের মহামুনি গ্রামের উমেষ চন্দ্র মুৎসুদ্দির বাড়ির সত্যজিৎ মুৎসুদ্দির কনিষ্ঠ পুত্র এবং তিনি পাহাড়তলি ইউনিয়ন ছাত্রলীগের সহ অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান, রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধরণ সম্পাদক মো. সালাউদ্দিন।
গত ২৩ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের পাহাড়তলি ইউনিয়ন পরিষদ ভবণ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
তার নিকটাত্মীয় জয় বড়ুয়া জানান, নিহত সজীব প্রায়সময় তার শখের বাইক নিয়ে বন্ধুদের সাথে নিয়ে দক্ষিণে কর্ণফুলী পাড়ে গিয়ে আড্ডা দিত, নাস্তা করত। আজও (সোমবার) সে কর্ণফুলীর পাড়ে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক উন্নয়নে জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের( সাইফ-পাওয়ার টেক লি.) অপরিকল্পিত খোঁড়া খাদে পড়ে যায়। পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। তার গাড়ির পেছনে থাকা অর্ণব বড়ুয়া নামের অপর সঙ্গী পায়ে আঘাত প্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান স্থানীয় বাবুল বড়ুয়া।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি লাশ বর্তমানে( রাত ১ টা) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত সজীব মুৎসুদ্দি দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। সে গতবার ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হওয়ায় পুনরায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তার নিকটাত্মীয় জয় বড়ুয়া।

