রাউজান প্রতিনিধি: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাউজান পৌরসভার নৌকার মাঝি হলেন তৃণমূল সমর্থিত উপজেলা যুবলীগের সভাপতি ও টানা চারবারের পৌর কাউন্সিলর মো. জমির উদ্দিন পারভেজ।
আজ ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ডের সভায় মো. জমির উদ্দিন পারভেজকে রাউজান পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নের সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে পৌরসভার বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা মিছিল সহকারে মুন্সিরঘাটাস্থ উপজেলার আওয়ামী লীগের স্থায়ী কার্যলয় চত্বরে জড়ো হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এই সময় মিষ্টি বিতরণ করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জমির উদ্দিন পারভেজ আল্লাহর প্রতি শুকরিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন মমতাময়ী নেত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে মূল্যায়ন করেছেন। পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সামনে রেখে রাউজান পৌরসভা আওয়ামী ও উপজেলা আওয়ামী লীগ পৃথক ভাবে সভার মাধ্যমে জমির উদ্দিন পারভেজকে সমর্থন জানিয়ে জেলায় প্রেরণ করেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর জমির উদ্দিন পারভেজ ছাড়াও বর্তমান পৌর মেয়র দেবাশীষ পালিত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, ইয়াসিন মাহমুদ দলীয় কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলে শুরু হয় নানান জল্পনা কল্পনা। অবশেষে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে মনোনয়ন জমির উদ্দিন পারভেজকে মেয়র পদে মনোনয়ন দেন।
এদিকে জমির উদ্দিন পারভেজ মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় দেশরত্ন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতাচিত্তে ধন্যবাদ করেন।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা, ৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।








