নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে কফি ও কাজু বাদাম চাষ শুরু

সিপ্লাস ডেস্ক: পার্বত্য জেলার খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় অনেক আগে থেকে কফি এবং কাজু বাদাম চাষ শুরু হয়। তবে রাঙামাটির রূপ, গুণ এবং বৈচিত্র্যের সমাহারের জন্য পুরো দেশে আলাদা সুখ্যাতি রয়েছে। এ অঞ্চলের মাটি, পানি, বায়ু এবং আবহাওয়া সব সময় চাষাবাদের অনুকূলে থাকায় কফি ও কাজু বাদাম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বান্দরবানের রোয়াংছড়ি, থানচি এবং রুমা উপজেলায় অনেক আগে থেকে কফি ও কাজু বাদাম চাষ করা হচ্ছে। তবে তা বিছিন্নভাবে চাষ করা হয়েছে। আর খাগড়াছড়ি জেলা কৃষি গবেষণা কেন্দ্র ২০০১ সাল থেকে কফি নিয়ে গবেষণা করছে। প্রতিষ্ঠানটি রোবাস্টা গাছের বাগান করেছে।

তারা আরো জানান, সরকার এ খাতকে আয়বর্ধক করতে এবং দেশের মাটিকে কাজে লাগাতে কফি ও কাজু বাদাম চাষের পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের পার্বত্য চট্টগ্রামসহ ১৬ জেলায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে কফি ও কাজু বাদাম গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক জানান, ২০২০-২০২১ অর্থ বছরে রাঙামাটির ইতিহাসে প্রথমবারে মতো কফি ও কাজু বাদাম চাষ শুরু হয়েছে। এজন্য জেলার ১০টি উপজেলায় ৩৭টি কফি প্রদর্শনী এবং ৩৫টি কাজু বাদাম প্রদর্শনীর প্রস্তুতি শেষ হয়েছে। প্রতি কফি প্রদর্শনীতে ৩৩ শতাংশ জমিকে একটি প্রদর্শনী ধরে প্রতি প্রদর্শনীতে ১০০টি চারা এবং কাজু বাদাম প্রদর্শনীতে ৫০ শতাংশ জমিকে একটি প্রদর্শনী ধরে প্রতি প্রদর্শনীতে ১০০টি করে চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

তিনি আরো জানান, ১০টি উপজেলার মধ্যে বেশ কিছু উপজেলার কৃষকদের মধ্যে কাজু বাদামের চারা বিতরণ করে দিয়েছি। বাকি উপজেলার কৃষকদের মধ্যে চারা বিতরণ করা হবে। তবে কফির চারাগুলো এখনো বিতরণ করা হয়নি। খুব শিগগরই বিতরণ শুরু করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here