রাঙামাটি প্রতিনিধি: আঞ্চলিক দলীয় সন্ত্রাসীদের নির্ধারিত চাঁদা পরিশোধ না করার অজুহাতে চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাঙামাটির কুতুকছড়িতে।
ঘটনার চারদিনেও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারের পাশাপাশি উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাঙামাটি সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।
শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা পাহাড়ে অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি, ছিনতাই, খুন ও অপহরন ঘটনা বন্ধে সেনা ক্যাম্প স্থাপনের দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে সন্ত্রাসী কর্তৃক অটোরিক্সা চালককে মারধর ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ এ দাবী জানান।
রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক থেকে দুর্বৃত্তরা একটি সিএনজি অটো রিক্সার চালককে মারধর এবং তার সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে রাঙামাটির অটোরিক্সা শ্রমিকরা শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
উক্ত সমাবেশে আগামী রবিবারের মধ্যে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশে রাঙামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, শ্রমিক নেতা আব্দুল হালিমসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
এর আগে রাঙামাটির সিএনজি অটোরিক্সার চালকরা পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। স
মাবেশ চলাকালে সকাল সাড়ে ৯ টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা কিছু সময় ভোগান্তিতে পড়ে।
সমাবেশ শেষে পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা আঞ্চলিক দলগুলোর উপজাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।








