নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে থ্যালাসেমিয়া রোগীকে বাঁচাতে রক্ত দিলেন মেয়র জামাল

রক্তের অভাবে ছটফট করতে থাকা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুকে রক্ত দিয়ে জীবন রক্ষায় এগিয়ে আসলেন রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল উদ্দিন।

বুধবার শিশুটির পরিবারের সদস্যরা সূদুর রাঙ্গুনিয়া থেকে এসে যখন রাঙামাটি জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করে, তখন তার অবস্থা খুবই দুর্বল ছিলো উল্লেখ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানালেন আজ রাতের মধ্যেই শিশুটিকে অবশ্যই রক্ত দেওয়া লাগতো। কিন্তু কোথাও ১৪ বছর বয়সি লিজা আক্তার নামের এই মেয়েটির জন্য কোথাও মিলছিলো না “এ” পজেটিভ গ্র“পের রক্ত। বুধবার সকালে রাঙামাটি ব্লাড গ্র“প নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিষয়টি জেনে দাপ্তরিক কাজ ফেলে রেখেই হাসপাতালে ছুটে এসে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুটিকে রক্ত দিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল উদ্দিন।

এসময় শিশুটির পরিবারের সদস্যরা জামাল উদ্দিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকা জামাল উদ্দিন জানান, জনসেবা ব্রত নিয়ে আমি জনপ্রতিনিধি হয়েছি। জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছে তাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য। আমি চেষ্ঠা করি সবসময় মানুষের পাশে দাঁড়াতে। তাই খবরটি পাওয়ার সাথে সাথেই আমি হাসপাতালে ছুটে এসে রক্ত দিলাম। এতে আসলে আমারও খুব উপকার হয়েছে। আমি চাই আমাদের সমাজের প্রতিটি মানুষই অসহায় মানুষের পাশে দাঁড়াক। তাহলেই একটি বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র গড়ে উঠবে।

এসময় তিনি বলেন আপনারা জানেন আমাদের মেয়র আকবর হোসেন চৌধুরি সরকারি প্রশিক্ষনের জন্য দেশের বাহিরে গেছেন। পৌরবাসী যাতে মেয়র মহাদয়ের অনুপস্থিতিতে কোন প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হয়। তাই আমি দিনরাত নিরলস ভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

এদিকে রোগিকে রক্ত দেওয়ার কিছুক্ষণ পর মেয়র জামাল উদ্দিন রাঙামাটি জেনারেল হসপিটালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং হাসপাতালের বর্জ-ব্যবস্থাপনার বিষয়টি পর্যবেক্ষণ করেন।