নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে মোটরসাইকেল চালক নিহত

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের গবাছড়া এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে আঞ্চলিকদলীয় পাহাড়ি সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম বাচিমং মারমা (৩০)।

বুধবার দুপুর আড়াইটার সময় এই ঘটনা ঘটিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, একদল সশস্ত্র সন্ত্রাসী গুলি করে বাচিমংকে হত্যা করেছে। সে ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকার বাসিন্দা ক্যাচিং প্রু’র সন্তান। নিহত যুবক কোনো রাজনীতির সাথে জড়িত ছিলনা এবং পেশায় একজন মোটরসাইকেল চালক ছিল বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এনামুল হক।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, জেএসএস এর একদল সশস্ত্র সন্ত্রাসী গবাছড়া এলাকার স্থানীয় এক কার্বারীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। মোটর সাইকেলের পেছনে থাকা কার্বারী প্রাণে বেঁচে গেলেও চালকের শরীরে গুলিবিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এদিকে নিহতের লাশ উদ্ধারে নিরাপত্তা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।