আলমগীর মানিক, রাঙামাটি: রাঙামাটিতে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামী সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর তিন সন্ত্রাসীকে অস্ত্র ও মদসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।
সেনাবাহিনীর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে এই তিন সন্ত্রাসীকে অস্ত্র, মদ ও চাঁদাবাজির রশিদসহ গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো বিজয় তংচংঙ্গ্যা (৩২), সনাধন চাকমা (৩৭) ও শিশু বিকাশ চাকমা (৪৫)। একইদিনে ১৪টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত ও ৩ মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশাকে গ্রেফতার করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, জেএসএস এর সক্রিয় সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা(৩২) চিৎমরম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উসেপ্রু মারমা হত্যা মামলার এজাহারভূক্ত ১৮নং আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাইখালী জোন ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে ভালুকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার-২ বলে নিশ্চিত করেছেন ওসি ইকবাল বাহার চৌধুরী। ২০২০ সালের পহেলা এপ্রিল দিবাগত রাত ১২টার সময় কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে ঢুকে যুবলীগের নেতা উসেপ্রুকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে গুলি করে হত্যা করেছে জেএসএস এর সন্ত্রাসীরা।
এই ঘটনায় ৫/০৪/২০২০ তারিখে চন্দ্রঘোনা থানায় দায়েরকৃত হত্যা মামলায় জেএসএস (সন্তু) সন্ত্রাসী বিজয় তংচংঙ্গ্যা এজাহারভূক্ত আসামী ছিলো।
অপরদিকে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাইয়ের হরিণছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।
কাপ্তাইয়ের ৭ আরই ব্যাটালিয়ান কর্তৃপক্ষের নেতৃত্বে সনাধন চাকমা (৩৭) এবং শিশু বিকাশ চাকমা (৪৫) কে ২টি দেশীয় বন্দুক, ১ রাউন্ড এ্যামুনেশন, ২টি মোবাইল ফোন, ১টি ছুরি, ১টি চাঁদা সংগ্রহের রেজিষ্টার এবং এলকোহলসহ গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী উক্ত সন্ত্রাসীদের আটক করে মঙ্গলবার বিকেলে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।
অপরদিকে, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১৪ টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ২ টায় চট্টগ্রাম মহানগর এর চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পূর্ব মোহরার মসজিদ মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত আসামি বন দস্যু হিসাবে পরিচিত। সেই বনের কাঠ কেটে অবৈধভাবে পাচার করতো বলে কাপ্তাই থানার ওসি জানান। বাদশার বিরুদ্ধে কাপ্তাই থানায় বর্তমানে ৩টি বন মামলায় ৬ বছরের সাজা পরোয়ানাসহ ১০টি সিআর ও ১টি জিআর পরোয়ানাসহ সর্বমোট ১৪টি গ্রেফতারি পরোয়ানা আছে। সে ২০১২ সাল হতে পলাতক রয়েছে।








