Site icon CPLUSBD.COM

রাঙামাটির ঝুলন্ত সেতু পানির নিচে

রাঙামাটির ঝুলন্ত সেতু পানির নিচে

সিপ্লাস প্রতিবেদক: কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির মনোরম ঝুলন্ত সেতু তলিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের ফলে উজান থেকে নামা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অবস্থিত আকর্ষণীয় ঝুলন্ত সেতুটির পাটাতন প্রায় এক ফুট পানির নিচে তলিয়ে গেছে । বন্ধ হয়ে গেছে সেতুর ওপর  দিয়ে চলাচল।

রাঙ্গামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, প্রতিবছর আগস্ট-সেপ্টেম্বর মাসে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে ঝুলন্ত সেতু ডুবে যায়। রোববার থেকে সেতুটি ডুবছে। ইতোমধ্যে তলিয়ে প্রায় এক ফুট পানির নিচে ঝুলন্ত সেতুর পাটাতন। সেতুর পাটাতন ডুবে যাওয়ায় সেদিকে পর্যটকদের প্রবেশে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্রদের পানি কমে সেতুটি ভেসে উঠলে আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় আকর্ষণ হারিয়েছে পর্যটকরা। ঝুলন্ত সেতু না দেখেই ফিরে যাচ্ছেন তারা। তবে এরপরও কিছু পর্যটক ডুবন্ত সেতু দিয়ে করতে দেখা গেছে।

১৯৭০ সালের দিকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা ঘোষণা করে। ১৯৮৬ সালে জেলা সদরে সরকারি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্স স্থাপন করা হলে সেখানে ৩৩৫ ফুট দৈর্ঘ্যে মনোরম ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়। পর্যটকদের আকর্ষণে কাপ্তাই হ্রদের পানিতে বিচ্ছিন্ন দুটি পাহাড়ের মাঝখানে পারাপারের সুবিধায় সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

সেতুটি বর্তমানে দেশে-বিদেশে ব্যাপক আকারে পরিচিতি লাভ করেছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় নৈসর্গিক সবুজ পাহাড়।