নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার একাধিক হত্যা মামলার আসামী এরশাদ র‌্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী এরশাদুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করেন।

গ্রেপ্তারকৃত এরশাদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আল-আমিন পাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।

তাঁর বিরুদ্ধে ৬টি হত্যা, ১টি হত্যা চেষ্টা, ডাকাতি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা সহ মোট ৪টি মামলার পরোয়ানা রয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এরশাদ ১৯৮৯ সালে মেহেরুজ্জামান, ১৯৯১ সালে গফুর, ইসমাঈল এবং মুক্তিযোদ্ধা সোবহান, ২০০২ সালে মেহেরুজ্জামানের পুত্র ননাইয়া, ২০১৪ সালে মাহবুব হত্যা এবং ২০১৬ সালে আমিন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী। এরমধ্যে মুক্তিযোদ্ধা সোবহান হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন এবং রাজারহাট ডাকাতি মামলায় তাঁর ১০ বছরের সাজা রয়েছে। ইতিমধ্যে সে বেশ কিছুদিন জেলও কেটেছিল।

পরোয়ানাভুক্ত এই আসামীর বিরুদ্ধে হত্যাকান্ড ছাড়াও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, ডাকাতি সহ আরও বেশ কিছু মামলা রয়েছে।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) সুব্রত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত এরশাদের বিরুদ্ধে দুটি হত্যা, ১টি সন্ত্রাসীমূলক অপরাধ ধমন অধ্যাদেশ মামলা ও ১টি মারামারি মামলায় ওয়ারেন্ট রয়েছে। র‌্যাব-৭ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে। তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।