নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার দুই ইউপি নির্বাচন: নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধীতায় আ.লীগের অপর ২ নেতা

রাঙ্গুনিয়ার বহুল প্রতিক্ষিত মরিয়মনগর ও স্বনির্ভর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন মরিয়মনগরে মুজিবুল হক হিরু এবং স্বনির্ভর রাঙ্গুনিয়ায় নুর উল্লাহ। তাঁরা দুজনেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। নির্বাচনে ইউনিয়ন দুটিতে রয়েছে একজন করে বিদ্রোহী প্রার্থী। তাঁরাও নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে আবেদন করেছিলেন। এরা হলেন মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সেলিম এবং স্বনির্ভর রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য রহিম উদ্দিন চৌধুরী। তারা দু’জনেই বর্তমান ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।

এদিকে শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে মরিয়মনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক হিরু নৌকা প্রতীক সংগ্রহ করেছেন। এই ইউনিয়নে অপর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সেলিম প্রতীক পেয়েছেন “আনারস”। অন্যদিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীক সংগ্রহ করেছেন আওয়ামী লীগ প্রার্থী নূর উল্লাহ। এই ইউনিয়নের অপর প্রার্থী রহিম উদ্দিন চৌধুরী প্রতীক পেয়েছেন “টেলিফোন”।

এদিকে ইউপি সদস্য পদেও এই দুই ইউনিয়নের প্রতীটি ওয়ার্ডে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এই ইউনিয়নে গত ১২ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। সর্বশেষ নির্বাচনে অংশ নিচ্ছেন মরিয়মনগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে ৬ জন, ২ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৯ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৬ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৪ জন প্রার্থী সহ সর্বমোট ৫৩ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য পদেও ৮ নারী প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। সর্বশেষ নির্বাচনে অংশ নিচ্ছেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৬ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থী সহ সর্বমোট ৪০ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ইউপি সদস্য পদেও এই ইউনিয়নটিতে ৮ নারী প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এদিকে দুই ইউনিয়নেই আওয়ামী লীগের ৪ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হলেও নির্বাচনে অংশ নেয়নি বিএনপির কোন প্রার্থী। তবে ইউপি সদস্য পদে একাধিক বিএনপি নেতা অংশ নিচ্ছেন।

এই ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলী নূর বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ইউপি সদস্য পদে যারা প্রার্থী হয়েছেন তারা বিএনপি নেতা হিসেবে নয়, নিজ উদ্যোগে অংশ নিচ্ছেন।”

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক হিরু।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হারুন-উর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক আবু সালেহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সেলিম, আবু তৈয়ব, সালে আহমদ, হাফেজ উদ্দিন, ডা. মোহাম্মদ হোসেন, নাজিম উদ্দিন, মো. আজাদ প্রমুখ।

অন্যদিকে জুম্মার নামাজের পর নৌকা প্রতীক সংগ্রহ করেছেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী নুর উল্লাহ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আলমগীর, শওকত বীন ইউনুস, ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, ‘ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। কেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি মোতায়ন থাকবেন বিজিবি ও র‌্যাবের বিশেষ দল।”