নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সুখবিলাস বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

রাঙ্গুনিয়ার উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব বিহার মাঠে বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল সাড়ে ৫টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রভাতফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বিশ্বশান্তি কামনায় সুত্রপাঠ, বুদ্ধপূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ডদান ও অতিথি আপ্যায়ন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে মঙ্গলাচরণ শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি ও পাঁচখাইন সার্বজনীন বিপুলানন্দ বৌদ্ধ বিহারের বিহারাধিপতি বিপুলানন্দ মহাথেরো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, আইডিএফ এর অডিট বিভাগের বিভাগীয় প্রধান সুদর্শন বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল বড়ুয়া, স্বাগত ভাষন দেন বিহারাধ্যক্ষ সুগতবংশ ভিক্ষু, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক লোটন বড়ুয়া। অনুষ্ঠানে ধর্মাদেশক ছিলেন বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য্য নন্দবংশ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি দেবানন্দ মহাথেরো।

সন্ধ্যায় বিহার প্রাঙ্গনে ফানুস উড়িয়ে অনুষ্ঠান শেষ করা হয়।