
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার আলমশাহপাড়া সুফিয়াবাদ অর্ফানেজের (এতিমখানা) উদ্যোগে এতিমখানাটির ২৩০জন শিক্ষার্থী পেল অর্থ ও খাদ্য সহায়তা।
করোনা ভাইরাসের কারণে এসব এতিমরা প্রতিষ্ঠান ছেড়ে বিভিন্ন এলাকায় বাড়িতে অবস্থান করছেন। সুফিয়াবাদ অর্ফানেজ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন তালুকদার এসব এতিম শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পৌঁছে দেন খাদ্য সামগ্রী।
শনিবার(২মে) থেকে রাঙ্গুনিয়ায় বসবাসকারী এতিমদের ঘরে পৌঁছে দেয়া শুরু করেন খাদ্য সামগ্রী। সোমবার (৩ মে) ১১০ এতিমের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া সম্পন্ন হয়। রাঙ্গুনিয়ার বাইরের ১২০জন এতিম শিক্ষার্থীদের অভিভাবকের কাছে বিকাশে পৌঁছানো হয় খাদ্য সামগ্রীর পরিবর্তে সমপরিমাণ টাকা।
খাদ্য সামগ্রী পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির সদস্য ও আলমশাহপাড়া সুফিয়াবাদ অর্ফানেজ (এতিমখানা) পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সহ সভাপতি মীর গোলাম মোস্তফা বাবুল, আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদরাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর, শিক্ষক মাওলানা শফিউল কাদের, মাওলানা মো. ইসমাঈল প্রমুখ।
২০ কেজি ওজনের প্রতি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, মুরগী, চোলা, ঘি, সেমাই, পেঁয়াজ, চিনি, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার বলেন, এতিমখানায় পড়ুয়া ২৩০জন শিক্ষার্থীর মধ্যে ১১০ জনকে খাদ্য সহায়তা এবং ১২০ জনকে সমপরিমাণ টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে।







