রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি বসতঘর।
সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে ওই এলাকার একটি বসতঘরের রান্নার চুলা জ্বালানোর জন্য দেশলাই ধরালে গ্যাসের সিলিন্ডারের সাথে সংযুক্ত পাইপ লিকেজ থেকে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে তিনটি বসতঘর পুড়ে যায়। এই তিন বসতঘরে থাকতো ৬টি পরিবার।
তারা হলেন মো. সোনা মিয়া ও তার ভাই মো. মনা মিয়া, খোরশেদ আলম মাস্টার ও তার ভাই সিরাজুল ইসলাম মাস্টার এবং জরীপ আলী ও তার ভাই দানু মিয়ার পরিবার। আগুনে তারা কিছুই বের করতে পারেনি। সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে একটি সেমিপাকা এবং দুটি টিন-মাটির তৈরি বসতঘর পুড়ে যাই। তবে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতায় রক্ষা পায় আশেপাশের অন্যান্য বসতঘরগুলো।

