রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বালু তোলার সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী এই অভিযান চালিয়েছেন।
অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী বলেন, বুধবার বিকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানকালে আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে বালু তোলার সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়েছে। তবে এসময় বালু তোলার সাথে সম্পৃক্ত কাউকে পাওয়া যায়নি।
জব্দকৃত বালুগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে তিনি জানান।

