নিউজটি শেয়ার করুন

আদিবাসী যুবকসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার: বন্দুক ও কার্তুজ উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের মইষাবাম এলাকা থেকে আদিবাসি এক যুবকসহ অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশিয় তৈরী একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. হারুন (৬০) ও ওয়াইপ্রু মার্মা (২৬)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে পদুয়া ইউনিয়নের মইষাবাম গ্রামের আজিমনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দিবাগতরাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে সকালে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করেন। পুলিশ তাদের কাছ থেকে দেশিয় তৈরী একটি বন্দুক, দুটি কার্তুজ ও ১০টি কার্তুজ তৈরীর শিশা উদ্ধার করেন। এঘটনায় থানার এসআই মজিবর রহমান বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।

স্থানীয়রা জানান, পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া সংলগ্ন বান্দরবান ও পটিয়া-বোয়ালখালী সীমান্তবর্তী পাহাড়ে দুইবছর আগে একটি অস্ত্র খারকানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে বিপুল অস্ত্র উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি তখন। গ্রেপ্তারকৃতরা এই পাহাড়ি অঞ্চলে দেশিয় পদ্ধতিতে বন্দুক তৈরী করে বিক্রি করেন। অস্ত্র বিক্রি ছাড়াও তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত। একটি মহিষের খামারে রাখালের কাজ করার আড়ালে তারা অস্ত্র বিক্রির কাজ করেন বলে স্থানীয়দের অভিযোগ।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মিল্কি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি দেশিয় তৈরী বন্দুক, দুটি কার্তুজ ও শিশা উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।