Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় আর্ত মানবতার সেবায় সরফভাটা গ্রুপের ব্যতিক্রমী কার্যক্রম

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সরফভাটা গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৫ সালে গঠিত হওয়ার পর থেকে সংগঠনটির নানা ব্যতিক্রমী কার্যক্রমে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

এবার ভিন্ন উপায়ে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি। সরফভাটা গ্রুপের মাধ্যমে ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সরফভাটা ক্ষেত্রবাজারে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর এসব খাদ্য সামগ্রী রাতের আঁধারে ইউনিয়নের নিম্ন ও মধবিত্ত পরিবারে পৌঁছে দেওয়া হয়। যারা এসব খাদ্য উপহার পেয়েছেন তাদের কোন ছবি না তুলে ঘরের দরজায় টোকা দিয়ে দরজার সামনে রেখে চলে এসেছেন সংগঠনের সদস্যরা।

ব্যতিক্রমী এই কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মো. সাইফুদ্দিন, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম নয়ন, সহ সভাপতি নেয়ামত উল্লাহ, ওমান প্রবাসী মোহাম্মদ হারুণ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম, মো. আরিফ, মো. সালাউদ্দিন, মো. ফরহাদ, সাহেদ আকিব, মো. সাকিব প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও সদস্যবৃন্দের সহায়তায় প্রতি প্যাকেটে ১০ কেজি ওজনের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। প্রাথমিক ভাবে ইউনিয়নের ২৫০ পরিবারকে চিহ্নিত করে এসব উপহারের প্যাকেট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানায়।