রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আলোকিত ৬০ বছর পূর্তিতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন “আস্থা অবিচল” ও বিদ্যালয়ের যৌথ আয়োজনে হীরক জয়ন্তী ২০২০ উপলক্ষে অলম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিদ্যালয় মাঠে সোমবার (১৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ফুটবল দল ৮নম্বর ওয়ার্ড দলকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজীত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার শুরুর আগে থেকেই বিদ্যালয়ের চারপাশের বহুতল বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোর সহ আশেপাশের স্থানে হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে।
খেলা প্রতিমুহুর্তে দর্শকদের তীব্র উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। নির্দিষ্ট সময়ে লাল ও সাদা জার্সি পড়ে দুই দল খেলায় নামে। ম্যাচের উত্তেজনা ছিল এমন যে, গোলের আগ পর্যন্ত সব সময় মনে হয়েছে ম্যাচটি জিততে পারে যেকোনো দলই। শেষ মিনিট পর্যন্ত উত্তেজনার পারদ ছুঁয়েছিল চূড়ান্ত উচ্চতা। খেলার নির্ধারিত সময়ে দুই দল গোলশূণ্য ড্র করলে খেলা ট্রাইবেকারে গড়ায়। সেখানেই ২-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ৩নম্বর ওয়ার্ড ফুটবল দল।
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা অবিচলের সভাপতি মাস্টার আব্দুর রউফ।
প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ। উদ্বোধক ছিলেন মনির আহমদ বিএসসি ফাউন্ডেশনের পরিচালক আবুল হাশেম।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক আবুল কালাম চৌধুরী।
এস এম আবুল ফজল ও হারুন সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ শিক্ষক আহমদ ছৈয়দ মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার কামাল চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ, আস্থা অবিচলের সেলিম জাহাঙ্গীর, জমির হোসেন, মো. করিম চৌধুরী, মো. শাহেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলা উপলক্ষে আয়োজিত লটারীর র্যাফেল ড্র করা হয়। খেলা পরিচলনার দায়িত্বে ছিলেন শিক্ষক মুক্তি সাধণ বড়ুয়া।








