চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আল জামেয়াতুল মেহেরিয়া মইনুল ইসলাম মাদ্রাসায় মহাপরিচালক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি’র জামাতা মাওলানা ইসহাক নূর ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী–রাজিউন)।
সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবারে তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একই দিন রাতে মেহেরিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে মাদ্রাসার কবরস্থানেই তাঁর লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এক শোক বার্তায় তিনি ইসহাক নূরের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া শোক প্রকাশ করেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রিয় সহ সভাপতি মুফতি ফয়জুল্লাহ, মেহেরীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আক্তার কামাল চৌধুরী, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীসহ রাঙ্গুনিয়া ওলামা পরিষদ, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য মাওলানা ইসহাক নূর’র বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নে। তিনি দীর্ঘদিন কোদালা আজিজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক এবং ২০০৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মেহেরীয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
এছাড়া তিনি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘বেপাকুল মাদারিসিল আরবিয়া’ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রিয় সহ সভাপতি সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন।

