নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ইউএনও আসার আগেই বাড়িতে তালা লাগিয়ে পালালেন প্রবাসী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাতারফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে ঘুরাঘুরি করছেন অভিযোগ পেয়ে তার বাড়িতে যান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। কিন্তু ইউএনও আসার আগেই উপজেলার পারুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড সৈয়দ নগর এলাকার এই প্রবাসী বাড়িতে তালা লাগিয়ে পালিয়েছেন।

অভিযোগ রয়েছে, কাতার থেকে ৪ দিন হয় দেশে ফিরেছেন ৩০ বছর বয়সী এই প্রবাসী। হোম কোয়ারেন্টিনে থাকা তো দূরে থাক, মোটরসাইকেলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর কথাও মানছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে অভিযোগ পেয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে অভিযানে যান ইউএনও। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব পালিত ও রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম সহ একদল পুলিশ। পারুয়া ডিসি সড়ক থেকে পায়ে গেটে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউএনও সহ অন্যান্যরা যখন তার বাড়ি পৌছালেন তার আগেই বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে যায় এই প্রবাসী। প্রবাসীর পালিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা নিশ্চিত করেন এবং কাতার থেকে এসেছেন বলে জানায়।

এদিকে প্রশাসনের লোকজন এই প্রবাসীকে খুঁজে না পেয়ে তার বাড়িতে হোম কোয়ারেন্টিনের স্টিকার লাগিয়ে দেন এবং লাল পতাকা টানিয়ে এই বাড়ির আশেপাশে কাউকে না আসার জন্য অনুরোধ করেন। ইউএনও মো. মাসুদুর রহমান জানান, প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মাইকিং, লিফলেট বিতরণ, হোম কোয়ারেন্টিন পর্যবেক্ষণ সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। কিন্তু এলাকাবাসী জানায় পারুয়ার প্রবাস ফেরত এই প্রবাসী কোয়ারেন্টাইন না মেনে ঘুরাফেরা করছেন। পুলিশ পাঠিয়েও তাকে নিষেধ করা হয়েছে। আজও পাওয়া যায়নি। এবার তাকে খুঁজে বের করে জরিমানা করা হবে বলেও জানান ইউএনও। এসময় ইউএনও আশপাশের এলাকাবাসীকেও সচেতন করে আসেন। যারা তার সংস্পর্শ ছিলেন তারাও যেন কোয়ারেন্টাইনে থাকেন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্থানীয়দের সচেতন করতে রাঙ্গুনিয়ায় বিদেশফেরত ১৭৪ জন প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে ও স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। বিদেশফেরতদের চিহ্নিত করতে ও এলাকাবাসীকে সচেতন করতেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

এই ব্যাপারে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, যাদের দেশে এসে এখনো ১৪দিন হোম কোয়ারেন্টিন পূর্ণ হয়নি এরকম ১৭৪ জনের বাড়িতে লাল পতাকা ও স্টিকার লাগানো হয়েছে। এছাড়া করোনা প্রতিরোধে স্কুল-কলেজ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে। সব ধরনের জনসমাবেশ, জনসভা, ধর্মীয় সভা এগুলো নিষেধ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে এই সংক্রমণরোধে সফল হবো।