নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ইমাম-মোয়াজ্জিনদের জন্য এ রহমান গ্রুপের উপহার সামগ্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সরকারি-বেসরকারি খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

তবে এ থেকে মসজিদের-ইমাম-মোয়াজ্জিনরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হলেও তাদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এ রহমান গ্রুপ।

এ রহমান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব কোরবান আলী ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রথম পর্যায়ে রাঙ্গুনিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলো মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের সেহেরি ও ইফতার সামগ্রী উপহার দিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সকালে পৌরসভার প্রত্যেক মসজিদে মসজিদে ঘুরে ঘুরে এসব উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়া পাশের মরিয়মনগর ও পোমরা ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের মাঝেও এদিন সহায়তা দেওয়া হয়।

কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন পৌরসভা ইমাম, মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাখাওয়াত হোসেন। এ রহমান গ্রুপের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এসব এলাকার জনপ্রতিনিধি ও এলাকার ইমাম, মোয়াজ্জিনরা।

এরআগেও এ রহমান গ্রুপের পক্ষ থেকে দুই দফায় সৈয়দবাড়ি ও মরিয়মনগর ইউনিয়নের কয়েক শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল।

এই ব্যাপারে আলহাজ্ব কোরবান আলী জানান, করোনাভাইরাসের কারণে সবাই শুধু শ্রমজীবী মধ্য ও নিম্নবিত্তদের সহায়তা করছেন। কিন্তু আমরা কেউ মসজিদের ইমাম মোয়াজ্জিনদের খবর রাখছি না। তারাও কষ্টে আছেন। কিন্তু তারা লজ্জায় কাউকে তাদের এই অসহায়ত্বের কথা বলে না। না খেয়ে থাকলেও তারা সমাজের কাউকে এই অসহায়ত্ব প্রকাশ করে না। তাই আমি চেষ্টা করছি তাদের জন্য অন্তত কিছু করার। সকলে যদি একযোগে এগিয়ে আসে তবে মধ্য ও নিম্নবিত্তদের পাশাপাশি ইমাম, মোয়াজ্জিনরাও এই দুর্দিনে অন্তত কিছুটা হলেও উপকৃত হবেন।