রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বনকর্মকর্তাদের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রহিম (২৬), জায়তুন নূর বেগম (৪৫), মো. আরফাত (১৮), রিকু আক্তার (২৪), মো. শফিউল আলম (২৬) ও আবু তালেব (৫০)।
এর আগে কোদালা বিট কর্মকর্তা মো. হাসানুজ্জামান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০ জন আসামী করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
পার্কের সহকারি পরিচালক হাসিবুর রহমান বলেন, সোমবার (৩১ মে) সকাল ১০টার দিকে শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কের সীমানা প্রাচীরের ভেতরে অবৈধভাবে নির্মিত বসতঘর উচ্ছেদে যায় বনবিভাগের লোকজন। অভিযান শেষে ফেরার পথে বনবিভাগের লোকজনের উপর দেশীয় অস্ত্র হাতে অতর্কিত হামলা চালায় সেলিম এবং জসিম গং এর নেতৃত্বে ২০/৩০ জন নারী-পুরুষ। হামলায় ধারালো কিরিচের কোপে গুরুতর আহত হয়েছেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির, বিট কর্মকর্তা ইসমাঈল হোসেন, বাগান মালী জ্যৌতিময় বড়ুয়াসহ ১৪ বনকর্মী। পরে আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। চিকিৎসায় মাসুম কবিরের অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও বিট কর্মকর্তা ইসমাঈল হোসেনের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তার অবস্থা আশংকাজনক বলে জানায় চিকিৎসকরা।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুব মিল্কী বলেন, “হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়েরের পর এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”

