রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বজন কুমার তালুকদার চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরআগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দলীয় প্রার্থী নির্ধারণে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা থেকে তিনজনের নাম প্রস্তাব করে চট্টগ্রাম উত্তরজেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছিল।
এরমধ্যে স্বজন কুমার তালুকদার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।
মনোনয়নের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন, ‘স্বজন কুমার তালুকদার আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী নেতা। আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রাখতে তার পক্ষে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।’
এদিকে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণ হলেও এখনও নিরব বিএনপি সহ অন্যান্য প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এতে আবারও আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী ২৩ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ করা হবে ।
উল্লেখ্য, গত ২৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। খলিলুর রহমান চৌধুরী ২০১৯ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন।








