রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে একটি মিনি ট্রাক (চট্টমেট্টো-ট-১১৭৫৯২) পুড়ে গেছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলা কাপ্তাই সড়ক সংলগ্ন জুটমিল এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে গাড়ির ইঞ্জিনসহ সম্পূর্ণ ট্রাক বিকল হয়ে গেছে। গাড়িটি একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে সম্প্রতি ক্রয় করেছিলেন বলে জানান ট্রাক মালিক আজগর আলী। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
তিনি জানান, গাড়িটি তিনি ঋণের টাকায় কিনেছিলেন। প্রতিদিনের মতো রাতে গাড়িটি জুটমিল এলাকার কাপ্তাই সড়কের পাশে রেখে পৌরসভার ২নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলেন। ভোর ৫টার দিকে খবর পেয়েছেন তার গাড়িতে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন তার গাড়ির ভেতর আগুন জ্বলছে।
ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তার গাড়ির ইঞ্জিন, চেসিস, চাকা, কেবিনসহ সম্পূর্ণ অংশ পুড়ে গিয়ে একেবারে বিকল হয়ে গেছে। অজ্ঞাত দুর্বৃত্ত তার গাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে তার সন্দেহ।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে এনে আশেপাশের স্থাপনা রক্ষা করি।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক স্বপন কুমার ভৌমিক জানান, ট্রাকে অগ্নিকান্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

