রাঙ্গুনিয়ায় প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এক ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।
আজ শুক্রবার (১৩ আগস্ট) রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুরমাইকুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই এলাকার শাহ আলমের ছেলে মো. ইসকান্দর (২৪) ও তার স্ত্রী রুমা আক্তার (২২)।
নিহত ইসকান্দরের মা ফিরোজা বেগম জানান, “আমার ছেলে মাত্র তিনদিন আগে গত ১০ আগস্ট কাতার থেকে দেশে ফিরেছে। শুক্রবার সন্ধ্যার দিকে আমি আমার নাতিকে নিয়ে উঠানে খেলছিলাম। পরে ঘরে এসে তাদের রুম বন্ধ দেখে ডাকাডাকি করি। কিন্তু তাদের কোন সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে দেখি তারা দু’জনেই ফাঁসিতে ঝুলে আছে। পরে এলাকার মানুষজন ডেকে দরজা ভেঙে তাদের ফাঁসি থেকে নামায়।”
নিহত গৃহবধূর বাবা জামাল উদ্দিন জানান, “দুপুর ৩টার দিকেও আমার মেয়ের সাথে মুঠোফোনে কথা হয়েছিল। মেয়েকে বেড়াতে আসতে বলেছিলাম। কিন্তু তারা মনজিলের পরে আসবে বলে জানায়। এরপর রাত হতেই শুনি এই ঘটনা।”
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমার মেয়েকে প্রায়শই তার দেবর আরিফ (২০) নানাভাবে কুপ্রস্তাব দিতো। এই নিয়ে বিভিন্ন সময় তাকে সতর্ক করা হয়েছে। আমার ধারণা তাদের পরিকল্পীতভাবে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। স্বামী-স্ত্রীর মধ্যে কোন সমস্যা হলে আমাকে দুপুরে কথা বলার সময় বলতো।’
জানা যায়, গত দুই বছর আগে ইসকান্দরের সাথে রুমা আক্তারের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ১৫ মাস বয়সী এক ছেলে সন্তানও রয়েছে। ইসকান্দর কাতার প্রবাসী ছিল। গত ১০ আগস্ট সে দেশে ফিরেছে। স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম জানায়, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আমরা এসে তাদের মুখে শুনেছি, দু’জনেই এক ওড়নায় একই কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শ্বাশুড়ি এলাকাবাসীকে নিয়ে দরজা ভেঙে তাদের লাশ নামিয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। তবে দুজনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

