Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় করোনা উপসর্গে কলেজ শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৫৯) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় হলেও তিনি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

তাঁর স্বজনরা জানান, গত ১ জুন থেকে তার জ্বর ছিল। এরমাঝে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গত ৯ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তবে তার শরীরে আগে থেকেই হৃদরোগ সমস্যা ছিল বলে জানায় তাঁর স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল কর্মকর্তা ডা. সৈয়দ রবিউল হোসেন বলেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কিন্তু আমরা পরীক্ষা করে দেখি আনার আগেই তিনি মারা যান। বেশকিছুদিন ধরে ওই ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল বলে তাঁর স্বজনরা জানায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক বলেন, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও প্রতিবেদন এখনো আসেনি। তাই তিনি করোনা আক্রান্ত কিনা তা এখনও বলা যাচ্ছে না। প্রতিবেদন আসলে এই ব্যাপারে জানা যাবে।