রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর-গাবতল ডিসি সড়কে গাছ উপড়ে গিয়ে সড়ক ধ্বসে গেছে।
সড়কের লালানগর ইউনিয়নের ডা. শাহ আলম বাড়ি এলাকায় সড়কের ধারে এই রেইনটি গাছটি শিকড়সহ উপড়ে যায়।
এতে সড়কের একাংশ ধ্বসে গিয়ে যোগাযোগ অনেকটা বন্ধের উপক্রম হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দিনগত রাতে এই গাছটি উপড়ে সড়ক ধ্বসে গিয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হলেও এই নিয়ে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
এদিকে সড়ক ধ্বসে যাওয়ার পর থেকে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করায় রাস্তার ভাঙ্গা অংশ আরো বাড়তে থাকে। এভাবে চলতে থাকলে শীঘ্রই রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
মো. আলমগীর হোসেন নামে এক যাত্রী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। কিন্তু আজ সকালে গিয়ে দেখি সড়কের একাংশ ভেঙে পুকুরে পড়ে গেছে। অন্যদিকে ভাঙা অংশের উপরই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যেকোন সময় বড় দুর্ঘটনাসহ সম্পূর্ণ সড়ক ধ্বসে যাওয়ার আশংকা করছেন তিনি।
বাস চালক মো. শফী জানান, সড়কের অর্ধেক ভেঙে যাওয়ায় বাসসহ বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এটি দ্রুত মেরামত করা না হলে সড়কের আরও বৃহৎ ক্ষতি হয়ে ছোট গাড়িও আর চলাচল করতে পারবে না।
সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক সুপারভাইজার রাসেল দেওয়ান জানান, “সড়কের ধ্বসে যাওয়া অংশ সরেজমিনে গিয়ে দেখে আসা হয়েছে। এই বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








