নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় চাঁদার দাবিতে নৈশ প্রহরীর বাড়িতে হামলা, আহত ২

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের চিরিঙ্গা ফরেস্ট অফিসে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ওয়াকিল আহমেদের (৫৫) বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

চাঁদার দাবীতে সরফভাটা মীরেরখীল এলাকার তোঁতা মিয়ার ছেলে সন্ত্রাসী জামালের (৩৪) নেতৃত্বে সংঘদ্ধ সন্ত্রাসী দল এই হামলা চালিয়েছে বলে দাবী তার পরিবারের।

হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি সহ তাঁর স্ত্রী সামসুর নাহার (৫০)। চাঁদা না পেয়ে এই দু’জনকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে চলে যাওয়ার সময় ঘরে জমি ক্রয়ের উদ্দেশ্যে রাখা নগদ ১ লাখ ২২ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণলঙ্কার ও ৪টি স্মার্ট মুঠোফোন লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ সন্ত্রাসী দল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিরিঙ্গা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার (২২ মে) রাতে রাঙ্গুনিয়া থানায় জামালসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আহত ওয়াকিল আহমেদের মেয়ে কাউছার আক্তার।

তিনি বলেন, “আমাদের ঘরে জায়গা ক্রয়ের জন্য টাকা আছে জানতে পেরে জামাল নামে এক সন্ত্রাসী মুঠোফোনে চাঁদা দাবী করে। না পেয়ে তার বাহিনীর ৬/৭ জনকে নিয়ে দিন-দুপুরে হামলা চালায়। তারা ধারালো কিরিচ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আমার বাবা-মা’কে গুরুতর যখম করে।

এসময় আমাদের বাড়িঘরে ভাংচুর চালিয়ে আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণলঙ্কার ও স্মার্ট মুঠোফোন লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এই ঘটনা পুলিশকে জানালে জানে মেরে ফেলার হুমকি দেয় তারা। গুরুতর আহত অবস্থায় আমার বাবা-মা’কে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তী করা হয়। তাদের অবস্থা আশংকাজনক।”

মামলার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মো. মাহবুব মিল্কী বলেন, “জামাল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। সন্ত্রাসী জামালসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে নাম প্রকাশ না করার শর্তে সরফভাটার একাধিক ব্যক্তি বলেন, “পশ্চিম সরফভাটায় একাধিক সংঘবদ্ধ সন্ত্রাসী দল এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে চলেছে। সম্প্রতি নৈশ প্রহরীর উপর হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।”