রাঙ্গুনিয়ায় সজ্ঞবদ্ধ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার গোগলের হাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম জাবেদ ইকবাল (৩৮)। সে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের পেয়ার মোহাম্মদ পাড়ার এলাকার মো. ইসমাঈল হোসেনের ছেলে। সম্প্রতি এক সংবাদকর্মীর ক্যামরা ছিনতাই মামলা সহ তাঁর বিরুদ্ধে পৃথক একটি ধর্ষণ মামলা রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এস আই) ইসমাঈল হোসেন জুয়েল বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে উত্তর রাঙ্গুনিয়ার মোগলেরহাট এলাকার মাজার গেইট হতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং ধর্ষণ মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে।
গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় মরিয়মনগর-গাবতল ডিসি সড়কের সন্তোস বাবুর ঘাটা এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করেছিল সে সহ ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা।
এর মধ্যে ইতিপূর্বে একজনকে গ্রেপ্তার করে ক্যামরাটিও উদ্ধার করা হয়েছিল।








