নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ছড়ার চোরা গর্তে আটকা পড়ে হাতি শাবকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান সংলগ্ন পাহাড়ের নিচে গর্তে পড়ে দশ মাস বয়সি একটি হাতি শাবকের মৃত্যু ঘটেছে। একটি বন্যহাতির দলের সাথে পুরুষ হাতি শাবকটি দলছুট হয়ে লটকোদালা মৌজার পাহাড় সংলগ্ন নুর হোসেনের ঘোনায় নরম মাটির একটি চোরা গর্তে পড়ে যায়। বুধবার দিবাগত রাতের কোন একসময়ে গর্তে আটকে পড়া শাবকটিকে তুলতে বন্য হাতির দলটি রাতভর চেষ্ঠা করেও ব্যর্থ হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল আটটার দিকে হাতি শাবকটির মৃত্যু হয় বলে বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানিয়েছেন। খবর পেয়ে বনবিভাগ ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি গিয়ে হাতি শাবকটিকে মাটি চাপা দেন।

বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, কোদালা চা বাগান এলাকায় প্রায় বিশটির মতো বন্য হাতির দল অবস্থান করছে। লটকোদালা মৌজার পাহাড় হয়ে বুধবার রাতের কোন এক সময়ে দলছুট হয়ে একটি পুরুষ হাতি শাবক সম্ভবত পানি পানের জন্য পাশের নুর হোসেনের ঘোনায় নামে।

সেখানে ছড়ার একটি চোরা গর্তে আটকা পড়ে হাতি শাবকটি। রাতভর বন্যহাতির দল নিজেরা উদ্ধারের চেষ্ঠা করে শাবকটিকে। এতে আরো গর্তের মধ্য বিপদজনকভাবে আটকা পড়ে শাবকটি। বৃহস্পতিবার ভোররাত আটটার দিকে হাতি শাবকটির মৃত্যু ঘটে।

তিনি জানান, উপজেলা ভেটেরেনারি চিকিৎসকের উপস্থিতিতে বনবিভাগের কর্মীরা হাতি শাবকটিকে বৃহস্পতিবার বিকেলে মাটিচাপা দেন। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে তিনি জানান।