নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় জীবানুনাশক ছিটাচ্ছে উপজেলা প্রশাসন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসের সংক্রমনরোধে জীবানুনাশক ছিটানো শুরু করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুুর রহমান নিজে জীবানুনাশক ছিটিয়ে কার্যক্রম শুরু করেন। এই সময় সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাণীরহাট বাজার থেকে কাপ্তাই সড়কের ঘাটচেক পর্যন্ত সম্পূর্ণ পারুয়া ডিসি সড়কে জীবানুনাশক পানি স্প্রে করা হয়।

এছাড়া বিকালের দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট থেকে আবারও জীবানুনাশক স্প্রে কার্যক্রম চালানো হয়।

পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও লোক সমাগমের জায়গাগুলোতে করোনা ভাইরাস বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালানো হবে বলে জানা যায়। এদিকে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার বিভিন্ন অলিগলি, সড়কে যাতায়াত করা যানবাহন এবং যাত্রীদের জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চালাচ্ছে।

এই ব্যাপারে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ করোনাভাইরাসের সংক্রমনরোধে উপজেলার সব এলাকায় জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজটি বাস্তবায়ন করছেন। এর আগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজ নিজ এলাকায় জীবানুনাশক ছিটিয়েছেন। এটি ভালো উদ্যোগ । সবাইকে এই কাজে সহযোগিতার অনুরোধ করেন তিনি।