রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী জুটমিলের অসহায় শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন ইউএনও মো. মাসুদুর রহমান।
চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জুটমিলে কর্মরত এসব শ্রমিকদের অসহায়ত্বের খবর পেয়ে শুক্রবার সকালে তিনি নিজে গিয়ে তাদের খাদ্য সামগ্রী প্রদান করেন। জানা যায়, রাঙ্গুনিয়ার কর্ণফুলী জুটমিলে কর্মরত ২২ জন শ্রমিক করোনাভাইরাসের কারণে বাড়ি যেতে পারেনি। তাদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।
এদিকে বেতন না পাওয়ায় বেশ কিছুদিন ধরে অসহায় হয়ে পড়েন তারা। খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন শ্রমিকরা।
তাদের এই অসহায়ত্বের খবর পেয়ে ছুটে যান ইউএনও মো. মাসুদুর রহমান। সঙ্গে নিয়ে যান তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল, তেল, লবণ, পিঁয়াজ, আলু, সাবান, মোমবাতি, দিয়াশলাই সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। কোনরকম জনসমাগম ছাড়াই প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় এসব সামগ্রী।
এসময় কর্ণফুলী জুটমিলের প্রকল্প প্রধান নুরুল আলম ভূইয়া উপস্থিত ছিলেন।

