শীতের শুরুতেই রাঙ্গুনিয়ার বিভিন্ন দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জেলেপল্লীতে তিনি কম্বল দিয়েছেন। এদিন ওই এলাকার ৮২ দুস্থ পরিবারের মাঝে তিনি নিজে গিয়ে কম্বলগুলো বিতরণ করেন। ঘন্টাব্যাপী কম্বল বিতরণের সময় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
কম্বল পেয়ে ষাটোর্ধ পারুল দাশ বলেন, জীবনে এই প্রথম কম্বল পেলাম। শীত নিবারণে কম্বলটি তাঁর কাজে লাগবে বলে তিনি জানান।
স্থানীয় মো. নঈম সওদাগর বলেন, “একটা কম্বল দিতে টুকেন, লাইনে দাড়ানো, সারাদিন অপেক্ষা করে বসিয়ে রেখে বক্তব্য শুনানো সহ কত হয়রানি! এসব না করে প্রকৃত দুস্থদের বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দেওয়াটা সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ। এজন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।”
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রকৃত দুস্থদের হাতে কম্বল পৌঁছে দেওয়ার লক্ষে নিজে গিয়ে এসেছে বিতরণ করছি। পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার অন্যান্য এলাকাতেও এভাবে কম্বল পৌঁছে দেওয়া হবে।’
উল্লেখ্য গত বছরও তিনি এভাবে রাতের আঁধারে দুস্থ-অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছিলেন।








