Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় জ্বালানি কাঠবোঝাই ৩টি চাঁদের গাড়ি আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৫শত ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ বোঝাই তিনটি চাঁদের গাড়ি আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার গোডাউন এলাকা থেকে এসব জ্বালানী কাঠ জব্দ করা হয়। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন পোমরা স্টেশন কর্মকর্তা মো. মাসুম কবির, চিরিঙ্গা বিট ও ফরেস্ট কর্মকর্তা এস এম ওবায়দুল হক সহ বন কর্মচারীবৃন্দ।

সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা এসব জ্বালানী কাঠ বিভিন্ন ইট ভাটায় পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়। জ্বালানী কাঠ জব্দের ব্যাপারে বন আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোডাউন এলাকা দিয়ে কাঠবোঝাই ৩টি চাঁদের গাড়িতে করে চোরাই কাঠ পাচার করা হচ্ছে।

রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-ড-১৬৪৭, চট্টগ্রাম-গ-২৭৭৫ এবং ঢাকা গ-৪৮৩৩ এই তিন গাড়ি ভর্তি মোট ৫শত ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বনবিভাগের অফিসে নিয়ে আসা হয়। চোরাই কাঠগুলো ব্যবসায়িরা বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চল থেকে আহরণ করে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছিল। অবৈধ কাঠ আহরণ ও পাচার বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।