রাঙ্গুনিয়ায় তৃতীয়বারের মতো এসএমসি’র (স্কুল ম্যানেজমেন্ট কমিটি) শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন বদিউল খায়ের লিটন চৌধুরী। ২০১৭ সাল থেকে এবার সহ তিনি তৃতীয় বারের মতো এই কৃতিত্ব অর্জন করেছেন। জাতীয় শিক্ষা পদক প্রদান উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাচাই করা হয়। এই লক্ষে উপজেলার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি ক্লাস্টার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হয়। আবেদন কারীদের গত একবছরে তাদের নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডের উপর মূল্যায়ন করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন ক্যাটাগরিতে এই সাক্ষাৎকার নেয়া হয়। এতে সর্বোচ্চ নাম্বার পেয়ে বদিউল খায়ের লিটন চৌধুরী টানা তৃতীয়বারের মতো উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ২৫নং মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি। এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি পদে দায়িত্বে রয়েছেন। তিনি মুরাদ নগর গ্রামের প্রবীণ শিক্ষাবিদ মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বদি আহমেদ চৌধুরী ও বিদ্যালয়টির প্রাক্তন সিনিয়র শিক্ষিকা মনোয়ারা বেগম চৌধুরীর দ্বিতীয় পুত্র। বদিউল খায়ের লিটন চৌধুরী শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী অন্যান্যরা হলেন বিদ্যুৎসাহী সদস্য হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভার বেগম জাকির হোসেন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন শাহ, প্রধান শিক্ষক হিসেবে ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, প্রধান শিক্ষিকা হিসেবে মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শায়লা শারমিন, সহকারী শিক্ষক হিসেবে মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহ, সহকারী শিক্ষিকা হিসেবে মধ্য নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।








