নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার সহ ১৫ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা পালানোর সময় নিজেদের শান্তিবাহীনির লোক পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা কাউকে না জানাতে নানা হুমকি-ধমকি দিয়ে যায়। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার বলেন, ‘কোদালা ধোপাঘাট এলাকার মোরশেদ আহমেদের ছেলে মো. ইলিয়াছের (৭০) বসতঘরে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে তার বাড়িতে মুখোশধারী হাফফেন্ট পরিহীত ৭ জনের ডাকাত দল হানা দেয়।

ডাকাতরা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে একটি কক্ষে নিয়ে সবার মোবাইল কেড়ে নেয়। এরপর আলমারী ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্নালংকার, ১০টি মোবাইল সেট সহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডাকাত দল পালানোর সময় নিজেদের শান্তিবাহীনির লোক পরিচয় দিয়ে এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। গত কয়েকদিন আগেও এই ইউনিয়নের গোয়ালপুড়া এলাকায় একই ভাবে কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছিল।

গতরাত (বৃহস্পতিবার) যেখানে ডাকাতি হয়েছিল তার আধা কিলোমিটারের মধ্যে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। পুলিশ থাকার পরও যদি এক সপ্তাহ’র ব্যবধানে এভাবে ডাকাতির ঘটানা ঘটে তবে তারা এখানে কি করছেন। সঠিকভাবে নিয়মিত টহল দিলে হয়ত এই ঘটনার মুখে পড়তে হতো না সাধারণ জনগণদের।’

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, ‘ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। এলাকার সার্বিক নিরাপত্তায় পুলিশি টহল আরো জোরালো করা হয়েছে।’