নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: আগুনে পুড়ে ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় ঘর ছিল তার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আধা পোড়া চালসহ বিভিন্ন সরঞ্জাম।

পোড়া ঘরের মধ্যে নির্বাক দাঁড়িয়ে আছেন দিনমজুর কমল দাশ (৪২)। পরিবার নিয়ে এই ঘরে থাকতেন তিনি। দিনমজুরি করে কোনরকম সংসার চলতো তাঁর। এখন ঘর হারিয়ে দিশা খুঁজে পাচ্ছেন না তিনি।

গত ৮ মার্চ মধ্যরাতের আগুনে পুড়ে গেছে তাঁর বসতঘর।

এই ঘটনায় শ্যামল দাশ ও সরোজ দাশ নামে আরও দুই দিনমজুরের দুটি বসতঘরও পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খোরশেদতালুক দয়াল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গরু চুরি করতে এসে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বাবু জানান, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে কমল দাশের গোয়ালঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে আগুন তার বসতঘরে ও পরে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে কোনো রকমে স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। এছাড়া বসতঘর থেকে কোনো আসবাবপত্র কিংবা অন্য কোন কিছু বের করতে না পারায় চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে সব। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত কমল দাশ বলেন, গরু চুরি করতে এসে দুর্বৃত্তরা এই আগুন লাগিয়ে দিয়েছে। তার গোয়ালঘরে ৫টি গরু ছিল। মাসখানেক আগেও তার গোয়াল ঘরের গরু চুরির চেষ্টা করা হয়েছিল। চোরের দল গরু নিয়ে রাস্তায় বেড়িয়েও পড়েছিল। তবে ভোর হয়ে যাওয়াতে মানুষের ধাওয়া খেয়ে সেবার পালিয়ে গিয়েছিল। তবে এবার আবারও গরু চুরির উদ্দেশ্যে এসে তারা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ঘর হারিয়ে তিনিসহ অন্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছেন বলে জানান তিনি।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, অগ্নিকান্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে দুটি মাটির ও একটি বাঁশ-বেড়ার তৈরি বসতঘর পুড়ে যায়। আগুনের সুত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।