রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ রাশেদ (৩০) নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২০ জুন) দিনগত রাত ১২টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন। হামলার সময় দুর্বৃত্তরা তাকে কিরিচ দিয়ে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে আহত রাশেদকে সোমবার (২১ জুন) ভোরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্যে নেয়া হয় এবং দুপুরের দিকে ন্যাশনাল হার্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দিন জানান, আহত রাশেদ একই এলাকার হাজী রশিদ আহমদ বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে এবং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় একটি মার্কেটের দ্বিতীয় তলায় তার মুরগির ফার্ম ও নিচ তলায় মুরগি বিক্রির দোকান রয়েছে। গত ২০ জুন রবিবার রাত ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় মোহাম্মদিয়া জামে মসজিদের পাশের একটি নির্জন অন্ধকার গলিতে ৫/৬ জনের একটি দুর্বৃত্তের দল তার উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় স্থানটি অন্ধকার ও দুর্বৃত্তরা মুখোশ পড়া ছিল। ফলে রাশেদ তাদের দেখতে পাননি বলে জানায়। তবে তাদের কথোপকথনে হামলাকারী কারা হতে পারে তা রাশেদ ধারণা করতে পেরেছেন।
কাউন্সিলর জালাল জানান, রাশেদ একজন সজ্জন ও সমাজসেবক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। স্থানীয় মোহাম্মদিয়া মসজিদ নির্মাণে তার অগ্রণী ভূমিকা রয়েছে। ঘটনার দিনও তিনি জেলা পরিষদ থেকে মসজিদ উন্নয়নে বরাদ্দকৃত এক লক্ষ টাকার চেক নিয়ে এসেছেন।
এদিকে এলাকার বখাটে ছেলেদের চুরি, মাদক সেবন ও বিক্রি এমন নানান অপরাধমূলক কাজে বাঁধা দেয়ার কারণে তারা প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে কাউন্সিলর জালাল উদ্দিন আরও বলেন, এলাকার বখাটে ও হত্যা মামলার আসামী রমজান আলীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগ নেতা ইউসুফ রাজু জানান, রাশেদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে তার একটি অপারেশন করে পরবর্তীতে দুপুরের দিকে তাকে ন্যাশনাল হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আমি তার সাথে রয়েছি। তার অবস্থা আশঙ্কাজনক।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি জানান, “ঘটনাস্থলে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম হামলাকারীদের সনাক্ত করতে পারেনি। পুলিশ হামলাকারীদের খুঁজে বের করার জোর চেষ্টা করছে। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।”








