রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় নতুন করে আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্ত এই চারজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (২৮), মেডিকেল টেকনোলজিস্ট (৩৮), মরিয়মনগরের (১৪) এক নারী এবং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের (৪৫) একজন পুরুষ।
নতুন আক্রান্ত এই চারজন হোম আইসোলেশনে রয়েছেন।
গত ৫ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চারজন নমুনা দিয়েছিলেন। এই ৪ জনসহ বুধবার (৮ জুলাই) পর্যন্ত রাঙ্গুনিয়ায় মোট ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বুধবার নতুন ২৪ জনসহ এখন পর্যন্ত মোট ৭৩৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এরমধ্যে এদিন ২৭জনসহ মোট ৬৭৬ জনের প্রতিবেদন আসে। আক্রান্ত ১৪৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন, হোম আইসোলেশনে আছেন ৫৫ জন, হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ২ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন।
এদিকে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ করোনা নিয়ে তেমন সচেতন নয়। অনেকটা আগের মতো করেই ফ্রি স্টাইলে ঘুরে বেড়াচ্ছেন সবাই। এতে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশংকা সংশ্লিষ্টদের। সংক্রমন ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সচেতন মহল।








