নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় নিখোঁজের ১ মাস পর ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় নিখোঁজের প্রায় ১ মাস পর আজিজুল হক (২২) নামে এক ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পোমরা হাজিপাড়া এলাকার মো. নিজাম (৩০) নামে একজনকে সন্দীপ থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পোমরা চৌধুরীখীল নাজিম প্রফেসার বাড়ির পাহাড়ের পাদদেশে পারুয়া সীমান্তবর্তী একটি ডোবা থেকে আজিজের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী।

গ্রেপ্তার নিজাম পোমরা হাজিপাড়া এলাকার নুরুল আলমের ছেলে। তাদের নিজ বাড়ি সন্দীপ হলেও তারা দীর্ঘদিন ধরে হাজিপাড়ার পাহাড়ি এলাকায় নিজস্ব ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

অন্যদিকে উদ্ধার ট্রাক ড্রাইভার আজিজ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার আবদুল হাকিমের ছেলে। ওসি মাহবুব মিল্কী বলেন, গত ২৫ মার্চ আজিজুল হক নামে এই ট্রাক ড্রাইভার তার চালিত ডাম্প ট্রাকসহ নিখোঁজ হয়েছিলেন।

এই ব্যাপারে তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ঘটনার প্রায় ১৫ দিন পর রামু থানা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার হয়। এই ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়। এর সুত্র ধরে তদন্ত নামে পুলিশ। তদন্তে ওঠে আসে ট্রাক ড্রাইভার নিখোঁজের সাথে গ্রেপ্তার নিজামের সংশ্লিষ্টতার বিষয়টি। এই নিয়ে পুলিশের একাধিক অভিযান শেষে গ্রেপ্তার হয় এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার হয় নিখোঁজ ট্রাক ড্রাইভারের লাশ।

এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।”

জানা যায়, গত ২৫ মার্চ সকালে বেতাগীতে একটি বালির ভাড়া নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিল আজিজ। এদিন রাত ১১টার দিকে তাকে ফোন করা হলে সে ১ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা বললেও সে আর আসেনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। তার চালিত ডাম্প ট্রাকসহ দীর্ঘ এক মাস নিখোঁজের পর অবশেষে তার মৃত লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ট্রাকটি ছিনতাই করতে গিয়েই খুন করা হয় ট্রাক ড্রাইভার আজিজকে।