রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করায় অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার রোয়াজারহাট বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ এর আওতায় তৃতীয় দিনের মতো বাজার মনিটরিংকালে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে মাছগুলো বিক্রির সময় জব্দ করেন। অভিযানে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক, শামীম আল মামুন, আনিস চৌধুরী।
জব্দকৃত মাছগুলো সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও দুস্থদের প্রশিক্ষণ কেন্দ্রে বিতরণ করা হয়েছে। মৎস্য কমকর্তা স্বপন চন্দ্র দে বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের উৎপাদন বাড়াতে ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
এই সময়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজার মনিটরিংকালে এই মাছগুলো জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।








