রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থীর উপর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন কাউন্সিলর প্রার্থী মিনাজুর রহমান বেলাল ও অজ্ঞাতনামা তাঁর এক সমর্থক। তাঁদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
সোমবার(১ মার্চ) উপজেলার রোয়াজারহাট এলাকায় সকাল সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
পু্লিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ঘটনাস্থলের পাশে একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় মিনাজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এক তরুনকে কয়েকজন ব্যক্তি মারধর করছেন। মারধর করার পর একটি দোকানে সবাই ঢুকে পড়ে। হামলাকারীরা কিছুক্ষন পরে ওই দোকান থেকে বের হতে দেখা যায়।
মিনাজুর রহমানের চাচা মো. হোসেন বলেন,” নির্বাচনে বিজয়ী প্রার্থী তারেকুল ইসলাম চোধুরী পরাজিত প্রার্থী মিনাজুর রহমানের উপর চড়াও হয়। নির্বাচনে দাঁড়ানোর কারনে মিনাজুরকে ব্যবসা প্রতিষ্ঠানে এসে তারেকুল ও তাঁর সহযোগীরা মারধর করেছে। সিসিটিভি ফুটেজে তারেক ও তাঁর সমর্থকদের হামলার ঘটনা ধরা পড়েছে।
” অভিযুক্ত বিজয়ী কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরীর সাথে মু্ঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” নির্বাচনে পরাজিত হয়ে মিনাজুর রহমানের সমর্থকেরা আমার কয়েজন সর্মথককে মারধর করেছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আমার কয়েকজন সমর্থক চড়াও হয়। মূলত পাল্টা পাল্টি ঘটনা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, হামলার ঘটনার বিভিন্ন আলামত নেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

