নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে বসতঘর, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাহাড় ধ্বসে প্রাণহানির আশংকা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে রাতের আঁধারে ঝুঁকিপূর্ণ অর্ধ-শতাধিক বসতঘর নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড পাইনবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অভিযান চালান।

এসময় অভিযুক্ত বাবুল ড্রাইভার নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তবে এদিন তার পিতার মৃত্যুতে তাকে পরবর্তীতে ভূমি অফিসে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিপদজনক অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সড়ে যেতে নির্দেশনা দেওয়া হয় এবং জমির কাগজপত্রসহ ভূমি অফিসে হাজির হতে বলা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতী স্থাপনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বেলাল জানান, পার্শ্ববর্তী কাউখালী উপজেলার কিছু দুষ্কৃতিকারী পাইন বাগান এলাকায় সরকারি বীজবাগানের মালিকানাধীন এসব পাহাড় কেটে ঘর বেঁধে বিক্রি করে আসছে। বিভিন্ন সময় তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। বর্তমানে ঝুঁকিপূর্ণ এসব বসতঘরে যেকোনসময় পাহাড় ধ্বসে বড় দুর্ঘটনার আশংকা রয়েছে।

এছাড়া পাহাড় কাটার এসব মাটি পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাণীরহাট-কাউখালী সড়ক। এরফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। পাহাড় কাটা বন্ধ, বাসিন্দাদের সড়িয়ে নেওয়া ও জড়িতদের শাস্তির দাবী জানান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, অভিযুক্তের পিতার মৃত্যুতে মানবিক কারণে দন্ড দেওয়া হয়নি। তবে পাহাড় কাটার সাথে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এবং ঝুঁকিপূর্ণ বসবাস রুখতেও অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here