Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে আবারও পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার ১ বছর বয়সী হুজাইফা আক্তার নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে কোদালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রাজানগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হুজাইফা ওই এলাকার আব্দুল খালেক বাড়ীর মো. মঈনুদ্দিনের শিশুকন্যা ।

নিহত শিশুর মা তাহিয়া আক্তার জানায়, তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় মেয়ে খেলছিল। দীর্ঘক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন তিনি। খুঁজতে গিয়ে ঘরের পেছনের পুকুরে মেয়ের নিথর দেহ দেখতে পান। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোদালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে এর আগেও গত ২৬ আগস্ট সন্ধ্যার দিকে একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কোব্বাত মেম্বার বাড়ি এলাকায় নাজমা আকতার (৬) ও ইয়াসমিন আকতার (৩) নামে দুই বোন পানিতে ডুবে মারা গিয়েছিল। তারা একই এলাকার মো. ওমরের শিশু কন্যা।