চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার বেতাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গার্ডবাড়ি এলাকায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
এ ঘটনায় ১ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। পুকুরে দেওয়া বিষের গন্ধ পুরা এলাকায় ছড়িয়ে পড়েছে।
মাছ চাষী মোরশেদ আলম জানান, গত ৬ মাস আগে তিনি বাড়ির কাছের ৫ শতক আয়তনের একটি পুকুরে লক্ষাধিক টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতেন। কিন্তু শনিবার ভোররাতেই কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এক সপ্তাহ পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত বলে তিনি জানান।
শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। এ পর্যন্ত তাঁর হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘মাছ নিধনের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’








